খোয়াই ডেস্ক,৭ অক্টোবর।।
শিক্ষক সংকটে ধুঁকছে রাজ্যের একাংশ স্কুলের মধ্যে খোয়াই শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ১০১ বছরের ঐতিহ্যবাহী খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণীর প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে পঠন-পাঠনের পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।এই স্কুলে শিক্ষক ৪জন।আর অন্যদিকে ছাত্র ছাত্রী সংখ্যা ৪৮৬ জন।অভিভাবকদের প্রধান অভিযোগ, নির্ধারিত সময় সকাল ৬টায় বিদ্যালয় খোলার কথা থাকলেও প্রায়শই তা সাড়ে ৬টার পর খোলা হচ্ছে। ফলে প্রাক-প্রাথমিক বিদ্যাজ্যোতি ও প্রাথমিক স্তরের ছোট ছোট শিশুদের অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সংকটের কারণে নিয়মিত শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানও ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়েছে। শিক্ষকদের সময়মতো না আসা এবং ক্লাস পরিচালনায় গাফিলতির অভিযোগও উঠছে।তবে এ ব্যাপারে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ।

এই পরিস্থিতিতে খোয়াইয়ের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক ও অভিভাবকরা শিক্ষা দপ্তরের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। তারা অবিলম্বে বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি, শূন্যপদের সংখ্যা এবং পঠন-পাঠনের মান সরেজমিনে তদন্তের আহ্বান জানিয়েছেন। ঐতিহ্যবাহী এই সরকারি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও শিক্ষা দপ্তর কী ব্যবস্থা নেয়, সেদিকেই নজর স্থানীয়দের।

