ডেস্ক রিপোর্টার,৮ অক্টোবর।।

সামনেই মহালয়া, রাজ্যজুড়ে দুর্গাপূজার উৎসবের আমেজ। এর পাশাপাশিই রাজ্যে চলছে আসন্ন পুর নির্বাচনের তোড়জোড়। পূজা মিটলেই পুর ভোটের দামামা বেজে উঠবে। ঠিক এই আবহেই নাগরিক পরিষেবা আরও উন্নত করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রাজ্যভিত্তিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা জল বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন নর্দমা ও বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা সুদৃঢ় করতে ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।তাছাড়া পরিচ্ছন্ন পানীয় জল সুনিশ্চিত করতে ৬৮০ কিলোলিটার ধারণক্ষমতার একটি বিশাল ওভারহেড ট্যাঙ্কের নির্মাণকাজের সূচনা হয়।এছাড়া জল পরিষেবা সংক্রান্ত যেকোনো জরুরি সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ যানবাহনের ফ্ল্যাগ-অফ করা হয়।

এবং যেসব এলাকায় পানীয় জলের সংকট দেখা দেয়, সেখানে দ্রুত জল পৌঁছানোর জন্য নতুন ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারের উদ্বোধন করা হয়।সেইসাথে সাধারণ মানুষের সুবিধার্থে AI-ভিত্তিক IVR কলিং ব্যবস্থা এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ ও নিদান ব্যবস্থার ডিজিটাল পোর্টাল চালু করা হয়।

এদিন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, “বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণরূপে নাগরিক-বান্ধব। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সমস্যা দ্রুত সমাধান করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই একের পর এক উন্নয়নমূলক ও যুগোপযোগী প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।

উৎসবের মরশুমে শহরের জল সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামোকে বিশ্বমানের করে তোলার ক্ষেত্রে ত্রিপুরা জল বোর্ডের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।আর তাতে যে শাসকদল আসন্ন পুর নির্বাচনে এক্সট্রা মাইলেজ পাবে,তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *