ডেস্ক রিপোর্টার, ৯ নভেম্বর।।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকারি মহলে নানা দাবি করা হলেও বাস্তবে বিভিন্ন সময়ে হাসপাতালের পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বারবার। ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে বাবাকে দেখতে এসে বেসরকারি নিরাপত্তাকর্মীদের হাতে নিগৃহীত
এক কলেজ ছাত্রী। তাকে শারীরিক ভাবেও মারধর করা হয়েছে। এই ঘটনায় আবারও জিবির নিরাপত্তা রক্ষীদের গুন্ডাগিরির কদর্য চেহারা সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, এই কলেজছাত্রীর বাবা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু বাবা হাসপাতালের কোন ওয়ার্ডে রয়েছেন, তা জানতে না পেরে তিনি। তখন নিরাপত্তাকর্মীদের সহযোগিতা চাইতে যান কলেজ ছাত্রীটি। অভিযোগ, সহযোগিতার পরিবর্তে বেসরকারি নিরাপত্তাকর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক পর্যায়ে চুলের মুঠি ধরে মারধর করেন।
কলেজছাত্রীর অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এমনকি তাঁর সঙ্গে থাকা ভাইয়ের সঙ্গেও নিরাপত্তাকর্মীরা খারাপ ব্যবহার করেন ।
প্রসঙ্গত , জিবি হাসপাতালে বেসরকারি নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। ফলে সাম্প্রতিক এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা ও রোগীর পরিজনদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদর্থক ভূমিকা নেয় কিনা?
Oplus_16908288