খোয়াই ডেস্ক, ২১ অক্টোবর।।
খোয়াই জেলার প্রধান রেফারেল চিকিৎসাকেন্দ্র খোয়াই জেলা হাসপাতালে জরুরি ইসিজি পরিষেবা বন্ধ থাকার অভিযোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হৃদ্রোগের উপসর্গ নিয়ে আসা রোগীদের ক্ষেত্রে সময়মতো ইসিজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি বিভাগেই পরিষেবা মেলায় চরম হয়রানির মুখে পড়ছেন সাধারণ মানুষ।
প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে এই সরকারি হাসপাতালই প্রধান ভরসা। বেসরকারি কেন্দ্রে গিয়ে ব্যয়বহুল পরীক্ষা করানো সবার পক্ষে সম্ভব নয়। হৃদ্রোগের ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান; ফলে এই পরিষেবা ব্যাহত হওয়ায় তৈরি হয়েছে জীবনহানির আশঙ্কা। সাধারণ মানুষের প্রশ্ন—যন্ত্রপাতি বিকল নাকি কর্মীসংকট, ঠিক কী কারণে পরিষেবা বন্ধ? যান্ত্রিক গোলযোগ থাকলেও জরুরি মুহূর্তের জন্য কী বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি।
জেলা স্বাস্থ্য প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে। জরুরি চিকিৎসা সরঞ্জাম নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়া এবং পরিষেবা ব্যাহত থাকার দায় কার, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কর্তৃপক্ষের কাছে স্থানীয় বাসিন্দাদের জোরালো দাবি, ঘটনার দ্রুত তদন্ত করে অবিলম্বে ইসিজি পরিষেবা স্বাভাবিক করা হোক এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।এখন দেখার সংশ্লিষ্ট কতৃপক্ষ এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে।

