ডেস্ক রিপোর্টার,১০ নভেম্বর।।
হিন্দি সিনেমার কায়দায় শহরে চোর – পুলিশ খেলা। পশ্চিম থানার পুলিশের হাত থেকে পলিয়ে গেলো এক দাগি চোর। ঘটনা দীপাবলীর বিকালে। কিন্তু পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি চোরকে।
খবর অনুযায়ী, কালী পুজোর দুপুরে শহরের সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি এলাকায় চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করে উপস্থিত জনতা। তাকে উত্তম – মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে থানা থেকে ডাক্তারি পরীক্ষার জন্য ধৃত চোরকে আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে চোরকে নিয়ে বের হয় পুলিশ। রাস্তায় পুলিশের গাড়ি থেকে লাফিয়ে রাস্তায় ঝাঁপ দেয় ধৃত চোর। মুহূর্তেই পুলিশের চোখে ধুলো দিয়ে পগারপাড় হয়ে যায় চোর। বহু চেষ্টা করেও পুলিশ চোরের টিকিট নাগাল পায় নি।
এই ঘটনার পর পালিয়ে যাওয়া চোরের বাবা পশ্চিম থানায় দ্বারস্থ হন। এবং ছেলেকে ফেরৎ দেওয়ার জন্য থানার ওসি সঞ্জিত সেনের কাছে দাবি জানান। পুলিশের গাড়ি থেকে চোর পালিয়ে যাওয়ার ঘটনায় নাক কাটা যায় থানাদার সঞ্জিত সেনের। অভিযোগ, ঘটনা ধাপাচাপা দিতে মাঠে নামেন খোদ ওসি সঞ্জিত সেন। তিনি থানায় হুলিয়া জারি করে বলেন, ” চোর পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মুখ খুললে পরিণাম ভাল হবে না তাকে বদলি করে দেওয়া হবে।” পশ্চিম থানার থানাদার সঞ্জিত সেনের এই ভূমিকায় ক্ষোভে ফেটে পড়ছেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা।

