তেলিয়ামুড়া ডেস্ক, ১৬ নভেম্বর।।
রাজ্য সরকার স্বাস্থ্য পরিসেবাকে উন্নত মানের করার জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।কিন্তু একাংশ স্বাস্থ্য কর্মীদের বদান্যতায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্য দপ্তরকে।এমনি এক সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ফের উঠল চরম গাফিলতির গুরুতর অভিযোগ। প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করানো সত্ত্বেও সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, বহিরাজ্যের ইটভাটার এক মহিলা শ্রমিক তীব্র প্রসব যন্ত্রণা নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকে মহিলা যন্ত্রণায় ছটফট করলেও কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেননি। অত্যন্ত সংবেদনশীল বিষয় হলো, দিনমজুর পরিবারের সদস্য হওয়ায় এবং পোশাক পরিচ্ছন্ন না থাকায় তাঁকে অবহেলা করা হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, সকালে চিকিৎসক দেবশ্রী দাস এবং সন্ধ্যায় ইমার্জেন্সি বিভাগে অন্য এক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ উপস্থিত থাকা সত্ত্বেও কেন সময়মতো চিকিৎসা হলো না, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পরিষেবায় ক্ষুব্ধ হয়ে আত্মীয়স্বজনেরা গর্ভবতীকে হাসপাতাল থেকে বের করে এনে সামনেই অবস্থান করেন।
পরে সাংবাদিকদের হস্তক্ষেপে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের তৎপরতায় কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং ওই মহিলাকে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
একজন রোগীর আর্থিক অবস্থা, পেশা বা পোশাক কি চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে? এই প্রশ্ন এখন তেলিয়ামুড়াবাসীর মুখে মুখে। সরকারি স্বাস্থ্য পরিষেবার মূল লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হলেও, এই ঘটনা তা একপ্রকার প্রশ্নের মুখে দাঁড় করাল। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

