ধর্মনগর ডেস্ক, ২০ নভেম্বর।।

আগামী ২৭শে নভেম্বর রাজ্যের অন্যান্য জায়গার সাথে ধর্মনগরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে পুর পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি।

সেই নির্বাচনকে পাখির চোখ করে শুক্রবার ধর্মনগরের কালিদিঘির পাড়ে এক জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও এই সভায় সহস্রাধিক কার্যকর্তা ও সমর্থক উপস্থিত হন।

এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তাঁর পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদিকা তথা প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, উত্তর জেলা সভাপতি কাজল দাস, জেলা সভাধিপতি অপর্ণা নাথ এবং সহকারী সভাধিপতি ভবতোষ দাস। এছাড়াও মন্ডল সভাপতি শ্যামল নাথ, ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী এবং উত্তর ত্রিপুরা জেলার প্রভারি অভিজিৎ দেব-সহ অন্যান্য নেতৃত্ব সভায় অংশ নেন।

মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বক্তব্য শেষে ধর্মনগর পুর পরিষদের ২৫টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। জনসভা শেষে দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের নিয়ে শহরের রাজপথে একটি রোড শো অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে, ২৭শে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে।

“পুর ভোটের দিন যতই এগিয়ে আসছে, ধর্মনগরের রাজনৈতিক পারদ ততই চড়ছে। আজকের এই জনসভা ও রোড শো-এর মাধ্যমে শাসক দল তাদের নির্বাচনী প্রচারে গতি আনল। এখন দেখার বিষয়, আগামী ২৭শে নভেম্বর ধর্মনগরবাসী কাদের হাতে পুর পরিষদের রাশ তুলে দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *