খোয়াই ডেস্ক, ২১ নভেম্বর।।

খোয়াইয়ের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড়। এবার বিতর্কের কেন্দ্রে খোয়াই জেলা বিজেপি সভাপতি সমীর কুমার দাস। অভিযোগ, খোয়াইয়ের কড়ক চা কফি হাউসে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে এক মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জেলা বিজেপি সভাপতি। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তাঁর সঙ্গে থাকা কয়েকজন সঙ্গী ও গাড়ির চালক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে খোয়াই শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গতকাল কড়ক চা কফি হাউসে উপস্থিত হয়ে প্রথমে সেখানে বসেই সিগারেট ধরান সমীর কুমার দাস। সেই সময় দোকানের এক মহিলা কর্মী তাঁকে বিনয়ের সঙ্গে জানান, দোকানের ভিতরে ধূমপান করা নিষেধ। তাই তাঁকে একটু বাইরে গিয়ে ধূমপান করার অনুরোধ করেন ওই মহিলা কর্মী। কিন্তু অভিযোগ, সামান্য এই অনুরোধেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা বিজেপি সভাপতি। এরপর শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা। অভিযোগ, ওই মহিলা কর্মীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং দোকানের চেয়ারে লাথি মারা হয়।

পরিস্থিতি এখানেই থেমে থাকেনি বলে অভিযোগ। পরবর্তী সময়ে সমীর কুমার দাসের কয়েকজন সঙ্গী ও গাড়ির চালক দোকানে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। দোকানের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার বক্স খুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দোকানের কর্মী ও সংশ্লিষ্টরা।

একজন মহিলা কর্মী শুধুমাত্র দোকানের নিয়ম মেনে ধূমপান করতে নিষেধ করেছিলেন, আর সেই কারণেই তাঁকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো কি না, তা নিয়ে এখন খোয়াইয়ের সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একজন জনপ্রতিনিধি না হলেও জেলার একটি বড় রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে সাধারণ মানুষ আরও সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। সেখানে একজন মহিলা কর্মীর সঙ্গে এমন আচরণের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, খোয়াই জেলা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। জেলা সভাপতি সমীর কুমার দাসকে ঘিরে অতীতেও নানা বিতর্ক ও জমি দখলের অভিযোগ রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। যদিও এই অভিযোগগুলির সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সামনে খোয়াই পৌর পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় রাজনৈতিকভাবে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক শিবির এই ঘটনাকে কীভাবে নির্বাচনী প্রচারে তুলে ধরে, সেটিও এখন দেখার বিষয়।

রাজনৈতিক মঞ্চে নারী সুরক্ষা, নারী সম্মান এবং ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মতো স্লোগান বারবার উচ্চারিত হয়। কিন্তু একজন সাধারণ মহিলা কর্মী নিজের কর্মস্থলের নিয়ম রক্ষা করতে গিয়ে যদি রাজনৈতিক প্রভাবশালীর রোষের মুখে পড়েন, তাহলে সেই স্লোগানের বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নারী সম্মানের কথা শুধু মঞ্চের ভাষণে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব জীবনেও তার প্রতিফলন দেখা যাবে—এখন সেই প্রশ্নই তুলছেন খোয়াইয়ের সচেতন নাগরিকদের একাংশ।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষের একাংশের দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব যাই থাকুক না কেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। একজন মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, দোকানে ভাঙচুর এবং সিসিটিভি বক্স নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

এখন খোয়াইবাসীর নজর প্রশাসনের দিকে। এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, দোকান কর্তৃপক্ষের অভিযোগ কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রকৃত ঘটনা কতটা সামনে আসে, সেটাই এখন দেখার বিষয়।

সবশেষে খোয়াইবাসীর একটাই প্রশ্ন—রাজনৈতিক পরিচয় কি আইনের ঊর্ধ্বে? একজন সাধারণ মহিলা কর্মী তাঁর কর্মস্থলের নিয়ম রক্ষা করতে গিয়ে যদি এমন পরিস্থিতির শিকার হন, তাহলে তাঁর নিরাপত্তা ও ন্যায়বিচারের দায়িত্ব কে নেবে? আসন্ন পৌর নির্বাচনের আগে এই ঘটনা খোয়াইয়ের ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর দেবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *