তেলিয়ামুড়া ডেস্ক, ২৫ নভেম্বর।।

        পুর ভোট ২৭ নভেম্বর।বুধবার ৪টায় শেষ হল সরব প্রচার।এদিন বিভিন্ন রাজনৈতিক দল গুলি নিজ নিজ রণকৌশলে প্রচারে ঝাঁপিয়ে পড়ে। আসন্ন তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারের শেষ দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য যান র‍্যালি অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শাখার সম্মিলিত সহযোগিতায় আয়োজিত এই র‍্যালিতে অংশগ্রহণ করেন বিজেপির মনোনীত ১১টি ওয়ার্ডের প্রার্থীরা। এদিনের এই মেগা প্রচার কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।

র‍্যালিতে কয়েকশো ই-রিকশা, অটো এবং বাইক নিয়ে দলীয় কর্মী-সমর্থক ও শ্রমিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে শামিল হন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা তেলিয়ামুড়া শহর, যা সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণ থেকে র‍্যালিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে পুর পরিষদ এলাকার প্রধান সড়ক ও বিভিন্ন ওয়ার্ডের অলিগলি পরিক্রমা করে। প্রচারের অন্তিম লগ্নে ১১টি ওয়ার্ডের প্রার্থীদের একসঙ্গে রাজপথে নেমে আসা দলের সুদৃঢ় সাংগঠনিক শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে তুলে ধরে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান প্রার্থীরা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, পুর নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরে তেলিয়ামুড়ার প্রতিটি ওয়ার্ডে বিজেপির বাড়ি বাড়ি জনসংযোগ অভিযান, পথসভা ও প্রচার কর্মসূচি জোরকদমে চলছিল। প্রচারের শেষ দিনে এই যান র‍্যালির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরব নির্বাচনী প্রচার কর্মসূচিতে ইতি টানল শাসক দল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *