কৈলাসহর ডেস্ক,৩১জানুয়ারি।।
               কৈলাসহর কেন্দ্রে বিজেপির প্রার্থী মবস্বর আলীর প্রার্থী পদ খারিজ করার জন্য দাবি করল সিপিআইএম। মবস্বর আলী নিয়ম লঙ্ঘন করে বিজেপির প্রার্থী হয়েছেন।এই অভিযোগ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি রিটার্নিং অফিসারকে এই মর্মে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন।
               সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তার চিঠিতে উল্লেখ করেছেন মবস্বর আলী রাজ্য বিধানসভার একজন সদস্য। তিনি ২০১৮ সালে সিপিআইএমের প্রার্থী হিসেবে কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। এবং জয়ী হয়েছিলেন।  এখনো তিনি রাজ্য বিধানসভার সদস্য পাশপাশি সিপিএমের সদস্য।  এখন পর্যন্ত রাজ্য বিধানসভা ও সিপিআইএমের সদস্য পদ থেকে ইস্তফা দেন নি  মবস্বর আলী। নিয়ম অনুযায়ী, মবস্বর আলী এখনো সিপিএমেই রয়েছেন। এই অবস্থায় তিনি অন্য কোন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়াই করতে পারেন না। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এই কারণেই আসন্ন বিধানসভা নির্বাচনে মবস্বর আলীকে বিজেপির প্রার্থী পদ থেকে ছেটে দেওয়ার দাবি জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী । 
               মঙ্গলবার সিপিআইএম রাজ্য সম্পাদকের এই চিঠি কেন্দ্র করে উত্তেজনায় টগবগ করতে থাকে রাজ্য রাজনীতি। আলোড়ন পড়ে যায় ঊনকোটি জেলার রাজনীতিতেও। এই বিষয়ে ঊনকোটির জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন,  জেলার চারটি বিধানসভা কেন্দ্রে মোট ১৯টি মনোনয়ন পত্র জমা পড়েছে। মঙ্গলবার বিকাল তিনটা পর্যন্ত সব গুলি  মনোনয়ন পত্র স্কুটিনি হয়েছে। স্কুটিনীতে কোন মনোনয়নপত্র বাদ যায়নি। তবে তিনি জানিয়েছেন, এদিন বিকাল চারটা নাগাদ হোয়াটস অ্যাপে একটি অভিযোগ আসে।কিন্তু স্কুটিনীর সময়ের আগ পর্যন্ত কোন অভিযোগ জমা পড়ে নি।
               তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য কৈলাসহরের রিটার্নিং অফিসার বক্তব্য জানার চেষ্টা করা হয়। কিন্তু তিনি অফিসে উপস্থিত ছিলেন না। জানা যায়,অসুস্থতার কারণে তিনি অফিসে আসতে পারেননি। এ কারণেই রিটার্নিং অফিসারের বক্তব্যও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *