তেলিয়ামুড়া ডেস্ক, ২ নভেম্বর।।
২৩- র বিধানসভা নির্বাচনের পর ফের নির্বাচনী জোট বেঁধে তেলিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সিপিআইএম ও কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াইয়ে নেমেছে। ১৫টি ওয়ার্ডের এই পুর পরিষদে ৮টিতে সিপিআইএম এবং ৭টিতে কংগ্রেস প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার মনোনয়নপত্র দাখিল করার পূর্বে বাম কংগ্রেস মিছিল সংগঠিত করে।এবং পরে তেলিয়ামুড়ার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর কাছে দুই দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
কংগ্রেস জানিয়েছে, বাকি চার ওয়ার্ডের প্রার্থীরাও শীঘ্রই মনোনয়নপত্র দাখিল করবেন।মনোনয়ন জমা দিয়ে জোট নেতৃত্ব শাসকদলের ব্যর্থতার সমালোচনা করার পাশাপাশি সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। জোট প্রার্থীদের জয়ের ব্যাপারে তাঁরা যথেষ্ট আশাবাদী। রাজনৈতিক মহলের এখন নজর এই দুই দলের নির্বাচনী প্রচার ও কৌশলের ওপর।
উল্লেখ্য,বিগত পুর নির্বাচনে শাসকদল বিজেপি তেলিয়ামুড়া পুর পরিষদের সবকয়টি আসনে জয়ী হয়েছিল।যদিও সেইসময় বাম কংগ্রেস আলাদা আলাদা ভাবে লড়াই করেছিল।আর এবার কি ফলাফল হয় তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।

