খোয়াই ডেস্ক, ২রা নভেম্বর।।

আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজনৈতিক তরজায় সরগরম হয়ে ওঠে খোয়াই। মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে একদিকে যখন পুলিশ ও শাসক দলের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ তুললেন সিপিআই(এম) বিধায়ক নির্মল বিশ্বাস।

সোমবার সকালে বিধায়ক নির্মল বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, বাইক বাহিনীর ভয় ও প্রশাসনের অসহযোগিতার কারণে বিরোধী প্রার্থীরা নিরাপদে মনোনয়ন জমা দিতে পারছেন না। পুলিশ তাঁদের বিকল্প গলিপথ ব্যবহার করতে বলেছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।  অবাধ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেই রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়ে। তবে সমস্ত জল্পনা ও আশঙ্কার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সিপিআই(এম) ১৩টি ও কংগ্রেস ২টি—অর্থাৎ মোট ১৫টি আসনেই প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিতে সফল হন।আর এই ঘটনার পরেই ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। যদি সত্যিই চরম প্রতিকূলতা ও ভয়ের পরিবেশ থাকে, তবে শেষ পর্যন্ত সব আসনে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হলো কীভাবে?

সকালে বিধায়কের তোলা অভিযোগ কি নিছকই বাস্তব পরিস্থিতি, নাকি এর নেপথ্যে ছিল কোনো রাজনৈতিক কৌশল বা চাপ সৃষ্টির কূটনীতি? শাসক দল ও প্রশাসনের তরফে এই বিষয়ে কী সাফাই দেওয়া হবে?

বিশ্লেষকদের মতে, মনোনয়ন প্রক্রিয়ার এই নাটকীয় মোড় খোয়াইয়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। খোয়াইবাসীর এখন একটাই প্রত্যাশা—কোনো রাজনৈতিক চাপ বা ভীতি ছাড়াই আসন্ন পুর নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *