স্পোর্টস ডেস্ক, ৯ আগস্ট।
দ্বিতীয় স্থান দখল করলো সরোজ সংঘ। ১৭ পয়েন্ট অর্জন করে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত হোটেল সোনার তরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সরোজ সংঘ ২-০ গোলে পরাজিত করে ফ্রেন্ডস ইউনিয়নকে। দুদলের ফুটবলাররাই এদিন তেমন আহামরি খেলতে পারেননি। দ্বিতীয় স্থান দখল করার লক্ষ্যে শুরু থেকেই কিছুটা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকেন লিটন মজুমদারের সরোজ সংঘের ফুটবলাররা। কিন্তু মরশুমের শুরু থেকে যে তেজী ভাব দলীয় ফুটবলারদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল এর ফিটে ফোটাও এদিন লক্ষ্য করা যায়নি। হয়তোবা খেতাব হাতছাড়া হয়ে যাওয়ায় দলীয় ফুটবলাররা মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। ম্যাচ শুরুর ৩২ মিনিটের মাথায় আরমা জমাতিয়া গোল করে এগিয়ে দেন সরোজ সংঘ কে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজর্ষি চাকমা ব্যবধান বাড়ান। শেষের দিকে ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলাররা বেশ কয়েকবার কাউন্টার এটাকে গিয়েছিলেন। কিন্তু দলীয় আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেননি। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা।

