স্পোর্টস ডেস্ক,১১ সেপ্টেম্বর।।
জয়ে ফিরলো ফরোয়ার্ড ক্লাব। দুরন্ত খেলে পরাজিত করলো রামকৃষ্ণ ক্লাব কে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে ফরোয়ার্ড ক্লাব জয় লাভ করে ৩-১ গোলে। প্রথমার্ধে এগিয়ে থেকেও জয় পেল না রামকৃষ্ণ ক্লাব। প্রথমার্ধে তেমন ভালো খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে সারা মাঠ দাপিয়ে বেরিয়েছে নারায়ন দেবনাথের ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। তাতেই এসেছে কাঙ্খিত জয়। সুপার লিগে যাওয়ার দৌড়ে এগিয়ে যেতে হলে জয় ছাড়া বিকল্প কোনও পথ ছিল না ফরোয়ার্ড ক্লাবের সামনে। ম্যাচ শুরুর ২৩ মিনিটের মাথায় আর স্টেপস দুরন্ত গোল করে এগিয়ে দেন রামকৃষ্ণ ক্লাব কে। গোল হজম করার পর ম্যাচে ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ শুরু করেন ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। কিন্তু প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি কয়েকগুণ বাড়িয়ে দেন শুরু থেকে। তাতে আসে সাফল্য। ৪৭ মিনিটে বসন্ত সিং সমতা ফেরান। গোল পেতেই আক্রমণের গতি বেড়ে যায় কয়েক গুণ। ৫৯ মিনিটে সুকান্ত জমাতিয়া অত্যাধিক দক্ষতায় দুরন্ত গোল করে এগিয়ে দেন ফরোয়ার্ড ক্লাবকে। এর তিন মিনিট পর জোয়ালা ফরোয়ার্ড ক্লাবের জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।

