স্পোর্টস ডেস্ক,৫ আগস্ট।।
     আগামী বছর প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করে নিল ত্রিবেণী সংঘ। দুই ম্যাচ বাকি থাকতেই। আপাতত ছয় ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে শহর দক্ষিণের ওই ক্লাবটি। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিবেণী সংঘ ৩-১ গোলে পরাজিত করে ত্রিপুরা পুলিশ দলকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘ হোটেল সোনার তরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। খেতাব জয় নিশ্চিত করতে এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিবেণী সংঘের ফুটবলাররা। বল দখলের লড়াই ও ছিল এগিয়ে। শুরু থেকেই ক্রমাগত আক্রমণে পুলিশের রক্ষণভাগে চিড় ধরে। আর ওই সুযোগে প্রথম ১২ মিনিটের মধ্যেই দুটি গোল দিয়ে এগিয়ে যায় ত্রিবেণী সংঘ। ম্যাচ শুরুর আগে থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তার উপর নির্দিষ্ট সময়ের অনেকটা পরে শুরু হয় খেলা। ম্যাচের ১০ মিনিটের মাথায় রাজীব সাধন জমাতিয়ার দুরন্ত গোলে এগিয়ে যায় ত্রিবেণী সংঘ। গোল পেতেই দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান তন্ময় ধরের ছেলেরা। ১২ মিনিটে রিচার্জ ভান লাল থুমা ব্যবধান বাড়ান। দুই গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করেন কানাই যাদবের ছেলেরা। কিন্তু প্রথমার্ধে বিপক্ষের জাল নাড়াতে ব্যর্থ হয়েছেন। ৬০ মিনিটে পাপু রিয়ান ব্যবধান কমান। এর দশ মিনিট পর অমিত জমাতিয়া দুরন্ত গোল করে ত্রিবেণী সংঘের জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *