ডেস্ক রিপোর্টার, ২৭ আগস্ট।।
শুরু হলো রাজ্য বিধানসভার অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিনেই আগরতলা পুর নিগম এলাকার পানীয় জল পরিষেবা এবং রাজনৈতিক বিতর্ককে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা।
অধিবেশনে আগরতলা পুর নিগম এলাকায় পানীয় জলের সুনির্দিষ্ট পরিস্থিতি নিয়ে ট্রেজারি বেঞ্চের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন।এর জবাবে সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানান, আগরতলা পুর নিগম এলাকায় মোট ১ লাখ ৪০ হাজার ৭৫২টি পরিবার রয়েছে। তার মধ্যে ৬৪.৭৮ শতাংশ পরিবারে ইতিমধ্যেই পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
মুখ্যমন্ত্রীর উত্তর দেওয়ার পর বিষয়টির ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি তথ্যের ভিত্তিতে সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সাথে আগরতলা পুর নিগম এলাকার ১০০ শতাংশ পরিবারে অবিলম্বে পানীয় জল পৌঁছে দেওয়ার জোর দাবি জানান তিনি।
এদিকে উন্নয়নমূলক আলোচনার পাশাপাশি অধিবেশন কক্ষে রাজনৈতিক তাপমাত্রাও তুঙ্গে ওঠে। ‘রাষ্ট্রবাদী বনাম বিদেশি’ বিতক্ষকে কেন্দ্র করে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন প্রবীণ মন্ত্রী রতনলাল নাথ এবং বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।দুই বর্ষীয়ান নেতার চরম মুখোমুখি অবস্থানে বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে বিধানসভার অধিবেশন কক্ষ।

