ডেস্ক রিপোর্টার,২৭ আগস্ট।।
তপ্ত রাজধানীর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিমণ্ডল। বিজেপি – সিপিআইএমের অভিযোগ – পাল্টা অভিযোগ, মিছিল, পাল্টা মিছিলে থমথমে প্রতাপগড় বিধানসভার রাজনৈতিক ক্যানভাস। সিপিআইএমের অভিযোগ ছিলো, তাদের যোগেন্দ্রনগরস্থিত পার্টি অফিসে হামলা করেছে বিজেপির দুষ্কৃতীরা। পাল্টা অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, সিপিআইএম পার্টি অফিস থেকে বেরিয়ে এসে সিপিআইএমের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা করে। এই ঘটনা কেন্দ্র করে ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা প্রতাপগড় জুড়ে।
এই পরিস্থিতিতে বুধবার যোগেন্দ্রনগর সিপিআইএম পার্টি অফিস পরিদর্শনে আসেন সিপিআইএমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি সিপিআইএম পার্টি অফিস পরিদর্শন করে বলেন, এই রাজ্যের বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নয়, চলছে ট্রাবল ইঞ্জিন সরকার। তার প্রমাণ যোগেন্দ্র নগর সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনা।
এদিন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির সঙ্গে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সমাজ বিরোধী মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিজেপি স্বাধীনতা দিবসে রক্তদান শিবিরেও হামলা করেছে।
সব মিলিয়ে শহরের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশে উড়ছে গরম হাওয়া। আসন্ন শারদ উৎসবের পরেই হবে আগরতলা পুর নিগম ভোট। স্বাভাবিক ভাবেই শাসক – বিরোধীর সংঘর্ষে রাজনীতির গরম লাভা ঝরছে প্রতাপগড়ে।

