বিক্ষোভকারী বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বর্ধিত বিদ্যুৎ মাসুল সাধারণ মানুষের পকেট কাটার শামিল।
ডেস্ক রিপোর্টার,৯ জুন।।
ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জের আড়ালে চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রাজধানী। মঙ্গলবার আগরতলার বিদ্যুৎ ভবনের সামনে একটি তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি’। সংগঠনের সদস্যদের অভিযোগ, বিদ্যুতের মূল ট্যারিফের পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত চার্জ আরোপ করে সাধারণ গ্রাহকদের উপর জোরপূর্বক অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের পক্ষে সুব্রত গাঙ্গুলী ক্ষোভ প্রকাশ করে বলেন,বিদ্যুতের বিল ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন। ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ ও অন্যান্য অতিরিক্ত মাশুলের নামে যে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সেইসাথে এদিন বিক্ষোভকারী বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বর্ধিত বিদ্যুৎ মাসুল সাধারণ মানুষের পকেট কাটার শামিল। প্রশাসন ও বিদ্যুৎ নিগম যদি অবিলম্বে এই মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে তারা আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।

