ডেস্ক রিপোর্টার, ৬ নভেম্বর।।
শেষ দিনে জমজমাট মনোনয়ন পর্ব! শুক্রবার রাজধানী আগরতলার রবীন্দ্রভবনের চারপাশ তখন যেন রূপ নিয়েছিল এক টুকরো উৎসবের আঙিনায়। হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়, হাতে দলীয় র রঙিন পতাকা, আর ঢাকের তালে তালে রাজপথ কাঁপানো উন্নয়নের স্লোগান।এই বর্ণাঢ্য মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। পাশে হেঁটে কর্মীদের উৎসাহ দিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব। রবীন্দ্রভবন থেকে শুরু হওয়া সেই জনসমুদ্র গিয়ে থামে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে।
এরপর এক এক করে আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের দলীয় প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র তুলে দেন রিটার্নিং অফিসারের হাতে।
এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন,আমরা ৫১টি আসনেই জয়ের ব্যাপারে ১০০% আত্মবিশ্বাসী। গত কয়েক বছরে আগরতলা শহরের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, মানুষ তা স্বচক্ষে দেখেছেন। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ কারণেই এই পুর ভোটে বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই, তারা আজ সম্পূর্ণ ইস্যুহীন।
মনোনয়ন দাখিল শেষ হতেই এখন শহরজুড়ে ভোটের পারদ তুঙ্গে! রাজ্য নেতৃত্বের সক্রিয় উপস্থিতি আর কর্মীদের এই তুমুল উদ্দীপনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—আসন্ন পুর যুদ্ধে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ পদ্ম শিবির।

