ডেস্ক রিপোর্টার, ২২ জুলাই।।
     শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী ও শতবর্ষ প্রাচীন  উৎসব। মঙ্গলবার সকালে ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে চতুর্দশ দেবতার মন্দিরে পূজার মধ্য দিয়ে শুভ সূচনা হয় সাতদিনব্যাপী এই উৎসবের।
       পরবর্তীতে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদারসহ বিশিষ্টজনেরা।
    ঢাকের বাদ্যি আর কাঁসির আওয়াজে মুখরিত চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় রীতিনীতি মেনে আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী ঐতিহ্যমণ্ডিত খার্চি পূজা ও মেলা। আগামী সাত দিন ধরে চলবে এই প্রাণবন্ত উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, খার্চি পূজা শুধু একটি পূজা বা উৎসব নয়; এটি রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও জাতি-জনজাতির মেলবন্ধনের এক অনন্য প্রতীক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও তুলে ধরেন, বর্তমান রাজ্য সরকারের আমলে কীভাবে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলির সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, এই উৎসবের মধ্য দিয়ে সংস্কৃতির আদান-প্রদান ঘটে এবং সুদৃঢ় হয় সামাজিক বন্ধন।
  খারচি মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বসেছে বিশাল মেলা। সরকারি নানাবিধ উন্নয়নমূলক স্টলের পাশাপাশি রয়েছে রকমারি দোকান। রাজ পরিবার থেকে সাধারণ মানুষ—সবার কাছেই এই পূজার গুরুত্ব অপরিসীম। রাজ্য তো বটেই, এমনকি বহির্রাজ্য থেকেও দলে দলে সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে।মেলা ও দেবালয় প্রাঙ্গণে পুণ্যার্থীদের সুরক্ষায় গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবের আনন্দে মেতেছে পুরো রাজ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *