তেলিয়ামুড়া ডেস্ক, ৩০ অক্টোবর।।

তেলিয়ামুড়ার সার্বিক উন্নয়নে শুক্রবার যুক্ত হলো এক নতুন পালক। সর্দু ছড়ার ওপর নবনির্মিত দৃষ্টিনন্দন পাকা ফুটব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। ১ কোটি ১২ লক্ষ ১৪ হাজার ৯০০ টাকা ব্যয়ে নির্মিত এই ফুটব্রিজটির ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হলো স্থানীয় বাসিন্দাদের।

এই সেতুটির মাধ্যমে তেলিয়ামুড়া পুর পরিষদের ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। শুধু এই দুই ওয়ার্ডই নয়, মোহরছড়া, ইচারবিল ও তৃষাবাড়ি এলাকার মানুষও এবার থেকে খুব সহজেই তেলিয়ামুড়া শহরে পৌঁছাতে পারবেন। এর ফলে তেলিয়ামুড়া যাতায়াতের দূরত্ব কম করে প্রায় ২ কিলোমিটার কমে গেল।তাছাড়া এই ব্রিজটি

চালু হওয়ায় ১০ হাজারেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে এলাকার কৃষক এবং ২ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পীরা তাদের উৎপাদিত ফসল ও মাটির সামগ্রী দ্রুত ও সহজে তেলিয়ামুড়া বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন স্থানীয় বিধায়ক।

এলাকার বিশিষ্ট মৃৎশিল্পী প্রয়াত মৃত্যুঞ্জয় বিহারী পালের স্মৃতিতে সেতুটির নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় এবং আরডি তেলিয়ামুড়া ডিভিশনের এক্সিকিউটিভ অফিসার ইন্দ্রজিৎ মোদক সহ অন্যান্য কাউন্সিলররা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *