আগরতলা, ৫ জুন।।
      রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার কুঞ্জবনস্থিত পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার সদস্য-সদস্যাগণ, সাংসদ, বিধায়কগণ, রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ সহ বিশিষ্ট অতিথিবর্গ।
      অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রোচ্চারণের মাধ্যমে হোটেলের ভূমিপুজনে অংশগ্রহণ করেন। পরে সকল অতিথিগণের উপস্থিতিতে তিনি তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল স্থাপনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের প্রতিকৃতি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সি.ই.ও. পুনীত ছটওয়াল স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল স্থাপনের একটি সংক্ষিপ্ত তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
উল্লেখ্য, এই তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলে ৮৯টি স্ট্যান্ডার্ড রুম, ৬টি এগজিকিউটিভ রুম, ৫টি এগজিকিউটিভ সুটস এবং ১টি প্রেসিডেন্সিয়াল ভিলা থাকবে। এছাড়াও হোটেলে থাকবে ব্যাঙ্কুয়েট ব্লক, বলরুম, মিটিং হল, রেস্টুরেন্ট, সুইমিং পুল প্রভৃতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *