ডেস্ক রিপোর্টার,১১ সেপ্টেম্বর।।
রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে শুক্রবার NSRCC ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তির আবরণ উন্মোচন করা হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্মোচন করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা এল.ডারলং, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ,পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র বোসের দেশপ্রেম প্রশ্নাতীত। এই দুই মহান মনীষীর আদর্শ আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে।
তিনি রাজ্য ক্রীড়া পর্ষদের এমন শিক্ষণীয় ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।সেইসাথে এই ধরনের অনুষ্ঠান কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এই দিন NSRCC হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে শতাধিক রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করেন।
তাছাড়া ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদ বিমল রায় চৌধুরীকে রাজ্য ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদ বিমল রায় চৌধুরীকে সংবর্ধিত করেন।

