ডেস্ক রিপোর্টার, ৫ আগস্ট।।
      ২০২৪ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নজর করেছিল কৈলাসহর।এরমধ্যে নূরপুর পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে জয়ী হয়ে এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দখল করেছিল। বাকি ৪টি ওয়ার্ডের মধ্যে ৩টিতে কংগ্রেস এবং ১টিতে সিপিআইএম জয় লাভ করে। পরবর্তীতে বিজেপির প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিরোধীরা। বিজেপিরই এক সদস্যা সহ কংগ্রেস ও সিপিআইএমের নির্বাচিত জনপ্রতিনিধিরা একজোট হয়ে অনাস্থা প্রস্তাব আনায় বিজেপির হাতছাড়া হয় এই পঞ্চায়েত।
      বুধবার কৈলাসহর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে স্থায়ী প্রধান নির্বাচনের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পঞ্চায়েতের ৯ জন নির্বাচিত সদস্যই এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। ভোটাভুটির শেষে প্রিসাইডিং অফিসার দীপঙ্কর চক্রবর্তী সিপিআইএম প্রার্থী সেলিমা বেগমকে জয়ী ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফল সামনে আসতেই কংগ্রেস ও সিপিআইএম কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। এলাকায় বাজি-পটকা ফাটিয়ে ও আনন্দ মিছিলের মাধ্যমে জয় উদযাপিত হয়।আগামী দিনেও কংগ্রেস ও সিপিআইএম যৌথভাবে নূরপুর গ্রাম পঞ্চায়েত পরিচালনা করবে বলে জানা গেছে।তবে তা কতদিন স্থায়ী হয় তাই এখন দেখার।সে যাই হোক,কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনস্থ নূরপুর গ্রাম পঞ্চায়েতে ঘটল রাজনৈতিক পটপরিবর্তন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত প্রধান নির্বাচনে জয়ী হয়ে পঞ্চায়েতের দায়িত্ব নিলেন সিপিআইএমের সদস্যা সেলিমা বেগম।









Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *