ডেস্ক রিপোর্টার, ২৬ এপ্রিল।।
                   শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এডিসি প্রশাসনের চাকরি কেলেঙ্কারি নিয়ে সরব বিজেপি। সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনের সময় সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে ১২০ জনকে নিয়োগ পত্র দিয়েছে এডিসি প্রশাসন। অভিযোগ বিজেপির জনজাতি নেতা তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। রবিবার প্রদেশ বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করে একথা বলেন তিনি। একই সঙ্গে সোমবার এডিসির শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।দলের চার বিজিত প্রার্থী যাবেন না শপথ গ্রহণ অনুষ্ঠানে। পরবর্তী সময়ে তারা শপথ গ্রহণ করবেন। নেপথ্যে রয়েছে রাজ্য জুড়ে তিপ্রামথার সন্ত্রাস। এর প্রতীকী প্রতিবাদেই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
       রেবতী ত্রিপুরার বক্তব্য, ২০২১ সালে প্রদ্যুৎ কিশোর এডিসিতে স্বচ্ছতার ঢেঁকুর তুলে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এডিসির ক্ষমতায় বসেই একের পর এক দুর্নীতি শুরু করেছে তিপ্রামথা। এডিসির সর্বশেষ দুর্নীতি ১২০ জনের চাকরি। নির্বাচনের সময় ১২০ জনকে নিয়োগ পত্র দেওয়া হয়।তাদের মধ্যে অনেকেই নির্বাচনী আচরণ বিধি চলাকালে চাকরিতে যোগ দিয়েছে। আবার কেউ কেউ আগামী ১২ মে’র পর যোগ দেবেন চাকরিতে। রেবতী ত্রিপুরার কথায়, বিজেপি বেকারদের চাকরির বিরুদ্ধে নয়। কিন্তু অবৈধ ভাবে নিয়োগ হলে, তার প্রতিবাদ করবে। ছেড়ে কথা বলবে না। প্রাক্তন সাংসদ বলেন, এই চাকরি দেওয়ার সময় কোনো রকম বিজ্ঞাপন দেওয়া হয় নি। নেওয়া হয় নি অর্থ দপ্তরের অনুমোদন।
           রেবতী তাঁর কথায় যোগ করেন, এডিসির এই চাকরি দুর্নীতি নিয়ে বিজেপি রাজ্যপালের দ্বারস্থ হবেন। কারণ এডিসিতে রাজ্যপালের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। তারা এই চাকরি কেলেঙ্কারি সুষ্ঠ তদন্তের দাবি জানাবে। এবং দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন রাজ্যপালের কাছে।
                   রাজ্যের পাহাড় জুড়ে তিপ্রামথার ধারাবাহিক সন্ত্রাস নিয়ে সরব রেবতী। তিনি বলেন, মথার কর্মী – সমর্থকরা বিজেপির লোকজন সহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এখনও অব্যাহত তাদের সন্ত্রাস। এই সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে ভাজপার চার জয়ী প্রার্থী এডিসির শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *