তেলিয়ামুড়া ডেস্ক, ৮ নভেম্বর।।
মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে কোনোরকমে চলছে তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপিদয়াল উচ্চ বিদ্যালয়ের পঠনপাঠন। বিদ্যালয়ের প্রায় ৮১ জন ছাত্রছাত্রী নিয়ে এই সীমিত শিক্ষক নিয়ে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়াই যেখানে চ্যালেঞ্জ, সেখানে আকস্মিকভাবে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদে সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তারা বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক অবরোধ করে বসে। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এলাকায়। শিক্ষক স্বল্পতার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, শিক্ষক স্বল্পতার কথা তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কিন্তু কোনো সদোত্তর পান নি।

অভিভাবকরা জানিয়েছেন, স্কুলে শিক্ষক স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে পঠন – পাঠন । ছাত্র – ছাত্রীরা পরীক্ষায় পাচ্ছে কম নম্বর। শিক্ষকরা তাদের ডেকে নিয়ে বলছেন, বাড়িতে ছাত্র – ছাত্রীদের পড়াশুনা হচ্ছে না। অভিভাবকদের প্রশ্ন, স্কুলে সঠিক ভাবে পড়াশুনা না, ছাত্র – ছাত্রীরা কিভাবে ভাল নম্বর পাবে পরীক্ষায়? ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ প্রত্যাহার করে।স্থানীয়দের দাবি, শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলি বিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হবে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

