স্পোর্টস ডেস্ক,৩০ মার্চ।।
জয়ের ধারা অব্যাহত রেখে খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেলো শতদল সংঘ। সোমবার শতদল সংঘ হেলায় পরাজিত করে দুর্বল সংহতি ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে শতদল সংঘ জয়লাভ করে আট উইকেটে। সংহতি ক্লাবের গড়া মাত্র ১৩৪ রানের জবাবে শতদল সংঘ দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের তন্ময় ঘোষ অর্ধশতরান করে অপরাজিত থেকে যান। আসরে সাত ম্যাচ খেলে ছয়টি ম্যাচে জয় পেয়ে ২৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে বিশ্বজিৎ পালের শতদল সংঘ। সম সংখ্যক ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে অবনমনের পথে সংহতি ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে শত দল সংঘের অধিনায়ক ভিকি সাহা প্রথমে সংহতি ক্লাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শতদল সংঘের পেস এবং পিন আক্রমণে নাজেহাল সংহতি ক্লাব গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। মূলত দলের নিচের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় অল্প রানে গুটিয়ে যায় সংহতি ক্লাব। দলের পক্ষে রাহুল হোসেন সাতান্ন বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, শুভম সূত্রধর ৪২ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩২, রুদ্র সেনগুপ্ত ৪২ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৫, প্রসেনজিৎ ভৌমিক ২৯ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। শতদল সংঘের পক্ষে প্রলয় দাস পাঁচ রানে এবং ওঙ্কার যাদব ১০ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শতদল সংঘ ১৬.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই ওপেনার দিপজয় দেব এবং তন্ময় ঘোষ ওপেনিং জুটিতে ৯৬ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেন। দীপজয় ৪০ বল খেলে পাঁচটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪৬ রান করেন। তন্ময় ৪৪ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে ওঙ্কার যাদব ১১ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে তের রান করেন।

