ডেস্ক রিপোর্টার , ৯ মে।।
সারা ভারতের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার রাজ্যেও সম্পন্ন হলো বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। সাধারণ মানুষের আইনি জটিলতা দ্রুত নিরসন এবং আদালতের দীর্ঘসূত্রিতা কমানোর লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
এদিন জাতীয় লোক আদালতে মোট মামলার সংখ্যা ছিল ২৫ হাজার ৫ শ ১৪টি। রাজ্যজুড়ে মোট ৪৫টি আদালতে এই শুনানি প্রক্রিয়া চলে।
পরিচালনায় ছিল ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি। জাতীয় লোক আদালতে মামলার ধরণসমূহের মধ্যে ছিল-ট্রাফিক চালান সংক্রান্ত বিরোধ,ব্যাঙ্ক ঋণ আদায় সংক্রান্ত সমস্যা, দেওয়ানি বিবাদ, আপসযোগ্য ফৌজদারি মামলা।
এদিন ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির ডেপুটি সেক্রেটারি আর চক্রবর্তী বলেন,
বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের হয়রানি কমানোই এই লোক আদালতের মূল লক্ষ্য। এখানে কোনো আইনি খরচ ছাড়াই মামলা নিষ্পত্তি করা সম্ভব।তিনি সাধারণ মানুষকে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান, যাতে সময় এবং অর্থ দুই-ই সাশ্রয় হয় এবং আইনি ব্যবস্থার ওপর চাপ কমে।
উল্লেখ্য,লোক আদালতে এখানে মামলা লড়তে কোনো কোর্ট ফি লাগে না। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলো একদিনেই মিটিয়ে নেওয়া সম্ভব হয়।পারস্পরিক সমঝোতায় বিচারক ও উভয় পক্ষের উপস্থিতিতে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান করা হয়।

