ডেস্ক রিপোর্টার, ২২ মে।।
        ইরান আমেরিকার যুদ্ধের জেরে  প্রায় গোটা বিশ্ব ভয়াবহ সমস্যার সম্মুখীন।এই অবস্থায় বর্তমান সময়ে দাঁড়িয়ে জ্বালানি সাশ্রয় এবং তার সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার বিধানসভায় নিজের কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এদিন তিনি বিদ্যুৎ, পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানির অপচয় রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
      এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় আরও বলেন,দৈনন্দিন জীবনে অত্যন্ত ছোট ছোট কিছু উদ্যোগ বা অভ্যাসের মাধ্যমেই জ্বালানির অপচয় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। উদাহরণস্বরূপ তিনি অপ্রয়োজনীয় আলো ও ফ্যান বন্ধ রাখা, ব্যক্তিগত গাড়ির পরিপূরক হিসেবে গণপরিবহন ব্যবহারে উৎসাহ প্রদান এবং শক্তি সাশ্রয়ী বিভিন্ন অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। সেই সাথে অফিস আওয়ার বাড়িতে গিয়ে সপ্তাহের সাতদিনের মধ্যে চার দিন ডিউটি করা যায় কিনা সেই প্রস্তাব সরকারের কাছে রেখেছেন তিনি।
       তিনি বলেন,জ্বালানি সাশ্রয় শুধু ব্যক্তিগত সাশ্রয় নয়, এটি সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। রাজ্যের সার্বিক স্বার্থে এবং একটি সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে সমাজের প্রতিটি নাগরিককে এই বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বিনীত আবেদন জানিয়েছেন মুখ্য সচেতক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *