আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একাংশ জানান, বারবার শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। শিক্ষা দপ্তরের এই ঢিলেমি তারা আর বরদাস্ত করবে না।
ডেস্ক রিপোর্টার, ২২ মে।।
রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকরণ নিয়ে জটিলতা কাটার লক্ষণ নেই। ফের একবার নিজেদের ন্যায্য দাবির স্বপক্ষে সরব হল এসটিজিটি (STGT) চাকরি প্রার্থীরা। ২০২২ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অবিলম্বে প্রকাশ করার দাবিতে শুক্রবার তারা শিক্ষা দপ্তরের দ্বারস্থ হন এবং TRBT’র চেয়ারম্যানের নিকট একটি স্মারকলিপি বা ডেপুটেশন প্রদান করে।
চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে পরীক্ষা হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল বা মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। এর ফলে শত শত যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একাংশ জানান, বারবার শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। শিক্ষা দপ্তরের এই ঢিলেমি তারা আর বরদাস্ত করবে না।
ডেপুটেশন গ্রহণ করার পর টিআরবিটি চেয়ারম্যানের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়। তবে ঠিক কবে নাগাদ এই বহু প্রতীক্ষিত ফলাফল অফিশিয়ালি প্রকাশ করা হবে, সেই বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। দপ্তরের এই গড়িমসিতে চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দুই-ই যে বাড়ছে তা বলাই বাহুল্য।

