তাদের অভিযোগ ২০২২ সালের ৩ ডিসেম্বর কারা দপ্তরে ২৪৯টি শূন্যপদে পুরুষ জেল ওয়ার্ডেন নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এরপর অত্যন্ত দ্রুততার সাথে একই বছরের ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের শারীরিক এবং মাঠ পর্যায়ের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়।
ডেস্ক রিপোর্টার, ২৯ মে।
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কারাগার বিভাগে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে থমকে থাকা ২৪৯টি পুরুষ জেল ওয়ার্ডেন পদের নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবিতে সরব হল চাকরিপ্রার্থীরা। শুক্রবার এই দাবিতে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ যুবকরা আগরতলাস্থিত কারা দপ্তরের আইজির নিকট ডেপুটেশন প্রদান করে।
তাদের অভিযোগ ২০২২ সালের ৩ ডিসেম্বর কারা দপ্তরে ২৪৯টি শূন্যপদে পুরুষ জেল ওয়ার্ডেন নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এরপর অত্যন্ত দ্রুততার সাথে একই বছরের ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের শারীরিক এবং মাঠ পর্যায়ের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়।
ঠিক তখনই ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায়। আদর্শ আচরণবিধির কারণে গোটা নিয়োগ প্রক্রিয়াটি অপ্রত্যাশিতভাবে স্থগিত করে দেওয়া হয়।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর তাঁরা আশা করেছিলেন যে নতুন সরকার গঠিত হতেই লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আজ তিন বছর পাঁচ মাসেরও বেশি সময় কেটে গেলেও লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি সংশ্লিষ্ট দপ্তর।
অপরদিকে এদিনই ২০২৪/২৫ সালের টেট কোয়ালিফাইড চাকুরি প্রার্থীরা আবারও শিক্ষা ভবনে ধর্ণা দেয়।চাকুরি প্রার্থীরা অবিলম্বে মেধা তালিকা প্রকাশ সহ চাকরির দাবিতে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাক্ষাৎ করে।
দীর্ঘ সময় ধরে নিয়োগ প্রক্রিয়া এভাবে ঝুলে থাকায় আবেদনকারীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা ও গভীর মানসিক হতাশার সৃষ্টি হয়েছে। অনেকেরই সরকারি চাকরির নির্ধারিত বয়সসীমা পার হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।অবশ্য বেকার যুবকরা আশা প্রকাশ করেছে প্রশাসন তাদের এই ন্যায্য দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।