ডেস্ক রিপোর্টার, ৩০ মে।।
রাজ্য সরকারের দেওয়া আশ্বাস পূরণ না হওয়ায় আবারও বড়সড় আন্দোলনের পথে পা বাড়াতে চলেছে Tripura Guerrilla Returned Demand Committee। দীর্ঘদিনের বকেয়া পুনর্বাসন প্যাকেজ চালুসহ ৫ দফা দাবির সমর্থনে আগামী ৫ জুন থেকে রাজ্যের প্রধান লাইফলাইন অর্থাৎ আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন অনির্দিষ্টকালের জন্য অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছে তারা।শনিবার আগরতলার কুমারী মধুতি রূপশ্রী আবাসন প্রাঙ্গণে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে কমিটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
কমিটির অভিযোগ এর আগে চলতি বছরের কুড়ি ফেব্রুয়ারি তারা একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাধর্ণা ও অবরোধ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তবে সেই সময় রাজ্য সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের সমস্ত ন্যায্য দাবিদাওয়া দ্রুত পূরণ করার সুনির্দিষ্ট আশ্বাস দেন। মন্ত্রীর সেই আশ্বাসের ওপর ভরসা রেখে কমিটি সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ পর্যন্ত রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও শুধু শূন্য প্রতিশ্রুতি মেলায় এবার চরম পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন তারা।

