ডেস্ক রিপোর্টার, ৪ জুন।।
দুইদিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গুয়াহাটি থেকে আগরতলা এমবিবি বিমান বন্দরে আসেন। সেখান থেকে চলে যান শাল বাগানে বিএসএফ- র হেড কোয়ার্টারে।আগরতলা বিমান বন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুই দিনের সফর কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অমিত শাহ তাঁর রাজ্য সফরে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মূলত রাজ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। এই বৈঠকে রাজ্য পুলিশ, বিএসএফ সহ বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই বৈঠক ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজন করবেন। এবং উদয়পুর মাতা বাড়িতে গিয়ে পুজো দেবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে রাজধানীকে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর বিজেপির ঘরোয়া রাজনীতির জন্যও যথেষ্ট তাৎপর্য পূর্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

