এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রশাসন ও দপ্তরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এলাকায় একটি বড় জলের ট্যাংক এবং পাম্প মেশিন বসানো হয়েছিল। কিন্তু অভিযোগ, উদ্বোধনের পর থেকেই নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না। ফলে অকেজো হয়ে পড়ে রয়েছে কোটি টাকার সরকারি পরিকাঠামো। বাধ্য হয়ে প্রখর রোদে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে এলাকার নারী-পুরুষদের।
ডেস্ক রিপোর্টার, ৩ জুন।।
নির্বাচন আসে, নির্বাচন যায়। বদলায় রাজনৈতিক রঙ। কিন্তু বদলায় না সাধারণ মানুষের ভাগ্য। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর তেলিয়ামুড়া এ.ডি.সি ব্লকের বিভিন্ন জনপদে দৈনন্দিন নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন চরম আকার ধারণ করছে। বিশেষ করে, এলাকার ভূমিহীন টিলা সংলগ্ন প্রায় ৭০টি পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রশাসন ও দপ্তরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এলাকায় একটি বড় জলের ট্যাংক এবং পাম্প মেশিন বসানো হয়েছিল। কিন্তু অভিযোগ, উদ্বোধনের পর থেকেই নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না। ফলে অকেজো হয়ে পড়ে রয়েছে কোটি টাকার সরকারি পরিকাঠামো। বাধ্য হয়ে প্রখর রোদে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে এলাকার নারী-পুরুষদের।

পানীয় জলের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী এবার আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের জোরালো দাবি— অবিলম্বে ওই জলের ট্যাংকটি সচল করে এলাকায় নিয়মিত ও স্থায়ী পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হোক। অন্যথায় আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন।

