ডেস্ক রিপোর্টার, ২৯ জুন।।
       সরকারি দপ্তরে কর্মরত স্ত্রীর আর্থিক দুর্নীতি ও গ্রেফতারের অপমান সহ্য করতে না পেরে “না ফেরার দেশে” চলে গেলেন স্বামী। নাম প্রদীপ দাস। বয়স ৪৬। বাড়ি রাজধানীর সীমান্ত গ্রাম লঙ্কামুড়াতে। পেশায় কৃষক। ঘটনা রবিবার সকালে। এদিন নিজের ক্ষেতের আশপাশেই ফাঁসিতে আত্মহত্যা করেন প্রদীপ। এবং গাছ থেকে দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যায় তার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাড়িঘরের লোকজন ও পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে জি বি হাসপাতাল মর্গে। জানিয়েছেন মৃত প্রদীপ দাসের বোন।
         প্রদীপ দাসের বোনের বক্তব্য অনুযায়ী,
  প্রদীপের  স্ত্রী ঝুমা চৌধুরী তেলিয়ামুড়াতে ত্রিপুরা রুরাল লাইভহুড মিশনে কর্মরত। বিডিও’ র সিল ও স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ঝুমা। স্ত্রীর এই দুর্নীতি মেনে নিতে পারেননি লঙ্কামুড়ার সজ্জন-ভদ্রলোক কৃষক প্রদীপ। শেষ পর্যন্ত বেছে নিয়েছেন নিজের জীবনের করুন পরিণতি।
             গ্রেফতার হওয়া ঝুমা চৌধুরী এখন জেলে আছেন। কিন্তু তার মধ্যেই স্বামীর করুন পরিণতি। তবে প্রশ্ন উঠছে তেলিয়ামুড়া রুরাল লাইভ হুড মিশনের কোটি টাকা জালিয়াতি কি ঝুমা চৌধুরী একাই করেছেন? নাকি পেছনে আছে বড় রাঘব বোয়াল। সন্দেহ করা হচ্ছে কৃষক প্রদীপের স্ত্রীকে অল্প টাকার বিনিময়ে চক্রে জড়িয়ে সিংহভাগ অর্থ হাফিজ করেছে স্থানীয় রাঘব বোয়ালরা। তারা কি থাকবে পর্দার আড়ালেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *