ডেস্ক রিপোর্টার, ২৩ জুলাই।।
সামনেই রাজ্যে পুর নির্বাচন। তার আগে নগর উন্নয়নের একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতি বড় মূল অনুষ্ঠান হয় শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে।
উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় শহর আগরতলা। এই শহরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, প্রযুক্তিনির্ভর ও নাগরিক-বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন করেছে আগরতলা পুর নিগম। এদিনের জনমুখী প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, “প্রযুক্তিকে ব্যবহার করে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক, সহজলভ্য এবং মানসম্মত নাগরিক পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই মূল লক্ষ্য। উন্নয়নের এই যাত্রায় কাজের মাধ্যমেই সরকার মানুষের কাছে পৌঁছাতে চাই।”
এদিন ‘সবুজ সেনা (Sabuj Sena)’, ‘আমার আগরতলা অ্যাপ (Amar Agartala App)’ এবং ‘মশামুক্ত ত্রিপুরা (Mosha Mukto Tripura)’ কর্মসূচির শুভ সূচনা করা হয়। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা আরও উন্নত করতে ৫১টি মিনি ভেহিকেলের শুভ যাত্রারম্ভ (Flagging Off) করেন মুখ্যমন্ত্রী।
এই উদ্যোগগুলির মাধ্যমে শহরকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যে আগরতলা পুর নিগম নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

