ডেস্ক রিপোর্টার, ২ আগস্ট।।
      চলতি বছরের শেষ লগ্নে রাজ্যে অনুষ্ঠিত হবে পুর ভোট। পুর ভোট আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকে আগরতলা পুর নিগম। নিগম ভোটকে সামনে থেকে ইতিমধ্যে প্রাথমিক রণ কৌশল সাজিয়ে নিয়েছে প্রদেশ বিজেপি। প্রথম পর্বে বৈঠকও শেষ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় ও মেয়র দীপক মজুমদার সহ শহরের নিগম এলাকার মন্ডল সভাপতিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই তৈরি হয়েছে প্রাথমিক রূপ রেখা।
প্রদেশ বিজেপির খবর অনুযায়ী, আসন্ন পুর নিগম নির্বাচনে বর্তমান কর্পোরেটরদের অনেকের কপাল পুড়বে। তাদের পুনরায় দেওয়া হবে না টিকিট। কারণ হিসাবে উঠে এসেছে ভয়াবহ তথ্য।
বিজেপির অন্দর মহলের তথ্য বলছে, নিগমের ৫১ জন কর্পোরেটরদের ৯৫ শতাংশ দুর্নীতিতে নিমজ্জিত। তারা সরাসরি তোলা বাণিজ্যের সঙ্গে জড়িত। এই দুর্নীতিবাজ কর্পোরেটরদের সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নামলে গো – হারা হারবে বিজেপি।
কেন, না, দলের লোকজনই তাদেরকে ভোট দেবে না। এই সব কর্পোরেটরদের চোখে মুখে দুর্নীতির কালো ছায়া।মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি নেতৃত্বের কাছে কর্পোরেটরদের দুর্নীতির খতিয়ান পৌঁছে গেছে। সঙ্গে তথ্য – প্রমাণও।
বর্তমান কর্পোরেটরদের দুর্নীতির কালো ছায়া ভাবিয়ে তুলেছে খোদ মুখ্যমন্ত্রীকে।কয়েকজন মহিলা কর্পোরেটর দুর্নীতি মুক্ত।কিন্তু তাদের স্বামীরা বারোটা বাজিয়ে দিয়েছে।স্ত্রীকে কর্পোরেটর করে স্বামীরা নিজেদের ভাসিয়ে দিয়েছেন দুর্নীতির সাগরে।তাই এই সমস্ত মহিলা কর্পোরেটররা টিকিট পাবেন কিনা তা নিয়েও সন্দেহ তৈরী হচ্ছে।
কৃষ্ণনগর কুশাভাউ ভবনের তথ্য বলছে, বর্তমান কর্পোরেটরদের মধ্যে ১০ থেকে ১১ জন পুনরায় টিকিট পেতে পারেন। বাকিদের টিকিট দেওয়া হবে না। সেই অনুযায়ী বিকল্প মুখ যারাই বাছাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে ভাজপা শিবির। এই খবর সামনে আসতেই বাপি – অলক – লতাদের মতো কর্পোরেটরদের পা কাপতে শুরু করেছে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *