ডেস্ক রিপোর্টার, ৬ আগস্ট।।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও পুর ভোট নিয়ে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক করলো প্রদেশ বিজেপির কোর কমিটি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে অনুষ্ঠিত হয় বৈঠক। গুরুত্ব পূর্ণ এই বৈঠকে উপস্থিতি ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ( সংগঠন) বি এল সন্তোষ, বিজেপি উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়কারী ডঃ সম্বিত পাত্রা , প্রদেশ বিজেপির প্রভারী ডঃ রাজদীপ রায়।
প্রদেশ বিজেপির কোর কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ কমিটির দুই সাধারণ সম্পাদক ভগবান দাস ও বিপিন দেববর্মা, সহ – সভাপতি অমিত রক্ষিত, দুই মন্ত্রী টিংকু রায় ও বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা।
খবর অনুযায়ী, দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত আলোচনা হয় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও পুর ভোট নিয়ে। চলতি বছরেই রাজ্যে অনুষ্ঠিত হবে এই দুইটি নির্বাচন। ২০২৮ সালে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। বিধানসভার মহারণের আগে পাহাড় ও শহরে নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়ার জন্য সুযোগ পাবে রাজ্যের শাসক দল বিজেপি। তাই মূলত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলো এই দুইটি নির্বাচন। আসন্ন ভিলেজ ভোট ও পুর সভা ভোটের প্রাথমিক রূপ রেখা তৈরি করার লক্ষ্যেই দিল্লিতে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন বৈঠক।
Tripura News: আসন্ন দুই ভোট যুদ্ধের রণ কৌশল নিয়ে নীতিন নবীনের সঙ্গে প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক।

