ডেস্ক রিপোর্টার, ৭ আগস্ট।।
আগামী ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করল রাজ্য সরকার। শুক্রবার মহাকরণের সম্মেলন কক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্ত্যে এবং দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য কর্মসূচির পুরো রূপরেখা তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী উদ্যোগে শুরু হওয়া ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবার পঞ্চম বছরে পদার্পণ করল। জাতীয়তাবোধ ও দেশপ্রেমকে আরও সুদৃঢ় করতে আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশের সাথে রাজ্যজুড়েও এই কর্মসূচি পালিত হবে। উল্লেখ্য, এ বছরের উদযাপনকে ১৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর স্মরণে উৎসর্গ করা হয়েছে।এই অভিযান চলাকালীন সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।তারমধ্যে রয়েছে ছাত্র-যুব, বাইক ও সাইকেল আরোহীদের নিয়ে নানা সচেতনতামূলক শোভাযাত্রা। রাজ্যজুড়ে তিরঙ্গা কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। বিভিন্ন স্থানে ত্রিবর্ণ আলোকসজ্জা, রঙ্গোলি প্রতিযোগিতা এবং ‘সেলফি উইথ তিরঙ্গা’ অনলাইন ক্যাম্পেইন।১১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে রাজ্যস্তরের মূল তিরঙ্গা র্যালির সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।শোভাযাত্রাটি আগরতলা শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গিয়ে শেষ হবে। একই দিনে সেখানে একটি বিশেষ তিরঙ্গা প্রদর্শনী ও তিরঙ্গা কনসার্ট অনুষ্ঠিত হবে।
রাজধানীর পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতেও একইভাবে কর্মসূচির আয়োজন করা হবে। স্থানীয় ক্লাব, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র-যুবদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি নাগরিককে জাতীয় পতাকা সংগ্রহ করে নিজ নিজ বাসভবনে সম্মানের সাথে উত্তোলনের জন্য অনুরোধ জানানো হয়।
রাজ্য সরকার আশাবাদী, বিগত বছরগুলোর মতো এবারও জনগণের ব্যাপক অংশগ্রহণে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি অভূতপূর্ব সাফল্য লাভ করবে।
Oplus_16908288