ডেস্ক রিপোর্টার,১৫ সেপ্টেম্বর।।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর বাড়ি বাড়ি জ্বলে উঠবে প্রদীপ। এক মাস ব্যাপী ১২টি কর্মসূচির হাতে নিয়েছে ভাজপা। জানিয়েছেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। মঙ্গলবার প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি একথা বলেন।
প্রদেশ বিজেপির সভাপতি জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সাংবিধানিক পদে থেকে দেশকে সেবা করার ২৫ বছরও পূরণ হয়েছে। প্রথমে তিনি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। এরপর দেশের প্রধানমন্ত্রী। টানা ২৫ বছর দেশের মানুষের আশীর্বাদকে পাথেয় করে তিনি দেশ পরিচালনা করছেন। এই সময়ের মধ্যে অর্থনীতি থেকে সমরাস্ত্র। কৃষি থেকে শিল্প। সব ক্ষেত্রেই দেশ সামনের সারিতে।
“নরেন্দ্র মোদীর মতো জননেতা এর আগে ভারতীয় রাজনীতিতে আসেন নি। তিনি সম্পূর্ণ ব্যতিক্রম।”বলেছেন অভিষেক দেবরায়। প্রধানমন্ত্রী জন্ম দিন থেকেই এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। তাতে থাকবে ১২টি কর্মসুচি। এই কর্মসূচি পালনের জন্য বিজেপির কর্মীদের ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন অভিষেক। এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় ছাড়াও ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

