ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
রাজ্যে ভিলেজ ভোট শেষ হতেই পুর নির্বাচনের ঢাকে কাঠি পড়ার সম্ভাবনা।এই অবস্থায় পুর নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে ময়দানে ঝাঁপিয়ে কংগ্রেস ও তার অঙ্গ সংগঠন সমূহ।এক্ষেত্রে তাদের নিশানা রাজ্য সরকার।ভিলেজ নির্বাচনের মধ্যেই পুরভোটে নিজেদের শক্তি জানান দিতে ময়দানে নামল প্রদেশ যুব কংগ্রেস। সম্প্রতি এক গণঅবস্থান কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের নিয়োগনীতি, পিআরটিসি -সংক্রান্ত অনিয়ম এবং শূন্যপদ পূরণে দীর্ঘসূত্রতা নিয়ে সরব হয় সংগঠনটি।প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলরতন সাহার নেতৃত্বে আন্দোলনকারীরা অভিযোগ তোলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে অস্পষ্টতা ও স্বজনপোষণের কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বহু চাকরিপ্রার্থী নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন। যুব কংগ্রেসের স্পষ্ট দাবি—পিআরটিসি নিয়ে স্বচ্ছ নীতি প্রকাশ, সমস্ত রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতকরণ এবং দ্রুত শূন্যপদ পূরণ করতে হবে।
পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্নে রাজ্য সরকারের জবাবদিহি দাবি করে আন্দোলনের তীব্র হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস।

