খোয়াই ডেস্ক ,১০ সেপ্টেম্বর।।
     সরকারী চাকুরিতে পি আর টি সি বাধ্যতামূলক করা, শূন্যপদ অবলুপ্ত না করা সহ অবিলম্বে সব শূন্যপদ পূরণ করা ও রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের রহস্যজনক মৃত্যু রহস্য উদ্ঘাটনে হাইকোর্টের প্রধান বিচারপতি বা কোন অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা সুষ্ঠু তদন্তের ব্যবস্থা গ্রহণ করাসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার খোয়াইয়ে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে ডি ওয়াই এফ আই– র খোয়াই বিভাগীয় কমিটি।এদিন সংগঠনের রাজ্য কমিটির সদস্য গৌতম পাল , বিভাগীয় কমিটির সভাপতি মল্লিকা শীল ও বিভাগীয় কমিটির সম্পাদক সুমন দেবের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধিদল জেলা শাসকের সাথে তার অফিসকক্ষে সাক্ষাত করেন ও তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন তার হাতে।প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা ছিলেন  বিশ্বজিত দাস, সম্রাট চক্রবর্তী ও তাপস দেব।মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দিয়ে যুব প্রতিনিধিদ লের সদস্য সদস্যারা জেলা শাসককে জানান , সম্প্রতি ত্রিপুরা রাজ্যের সরকার পি আর টি সি– কে সরকারী চাকুরিতে বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে।এতে রাজ্যের বেকার যুবক যুবতীরা সরকারী চাকুরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হবে।সেখানে বহির্রাজ্যের যুবক যুবতীরা লাভবান হবে।অথচ এ রাজ্যে বেকার সমস্যা দিন দিন চরম আকার ধারণ করছে।রাজ্যে শিল্প কারখানা নেই।বিকল্প কর্মসংস্থানের পথ নেই।এরপরেও রাজ্যের সরকার সরকারী চাকুরিতে পি আর টি সি– র শর্ত প্রত্যাহার করে নিয়ে রাজ্যের সরকারী চাকুরিতে রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহির্রাজ্যের বেকারদের সামনে সরকারী চাকুরির সুযোগ খুলে দিয়েছে।বিভাগের যুব প্রতিনিধিদলের সদস্য সদস্যারা সরকারী চাকুরিতে পি আর টি সি-র শর্ত প্রত্যাহার করে নেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছেন।
এদিন যুব প্রতিনিধিদলের সদস্য সদস্যারা জেলা শাসকের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেওয়া স্মারকলিপিতে শুন্যপদ অবলুপ্তিকরণ না করা ও শূন্যপদ পূরণের মাধ্যমে রাজ্যের ক্রমবর্ধমান জলজ্যান্ত বেকার সমস্যার সমাধানের দাবীও জানান।যুব নেতৃবৃন্দ জেলা শাসককে জানান যে, সম্প্রতি বিধানসভায় বিরোধী দলের পক্ষ থেকে আনা শূন্যপদ পূরণের দাবী জানিয়ে একটি প্রস্তাব আনা হয়েছিল।কিন্তু বিধানসভায় ট্রেজারি বেঞ্চের সদস্যরা প্রস্তাবের বিরোধীতা করেন।ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়।আর তাই স্বাভাবিক ভাবেই রাজ্যের চাকুরিপ্রার্থী বেকার যুবক যুবতীরা আশাহত হয়েছেন।তাই উদ্ভূত পরিস্থিতিতে সরকারকে বিষয়টি গুরুত্বের সাথে ভেবে দেখা উচিত।তাই শূন্যপদ যাতে কোনভাবেই অবলুপ্ত না করা হয়।সমস্ত শূন্যপদ পূরণের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার দাবী জানান যুব প্রতিনিধিদল।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদানকালে যুব নেতৃবৃন্দ জেলা শাসককে জানান যে, সম্প্রতি রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্যের মানুষ বিভ্রান্ত।খোদ পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরে নিজের অফিসকক্ষের লাগোয়া রুমে মহা নির্দেশকের আকস্মিক ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা অনেক প্রশ্ন ও জিজ্ঞাসার জন্ম দিয়েছে।তাই এই ঘটনার রহস্য উন্মোচনে যথাযথ ও সুষ্ঠু তদন্ত অবশ্যই প্রয়োজন।অতএব হাইকোর্টের প্রধান বিচারপতি বা কোন অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা সুষ্ঠু তদন্ত করে ডি জি পি — র মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবী জানান যুব প্রতিনিধিদল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *