আগরতলা, ২৫ সেপ্টেম্বর।।
অ্যাসেম্বলি অব জার্নালিস্টস্-র উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ১০ টায় রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। শারদোৎসবের দিনগুলিতে রাজ্যের সরকারি হাসপাতাল গুলিতে মুমূর্ষু রোগীদের রক্তের যোগান অব্যাহত রাখতে, অ্যাসেম্বলি অব জার্নালিস্টস্ এই মেগা রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের সব ক’টি মহকুমা থেকে কর্মরত সাংবাদিকরা আসবেন রক্তদান করতে। শিবিরে একই সাথে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। ইসিজি,রক্তচাপ পরীক্ষা সহ রক্তের বিভিন্ন পরীক্ষা করা হবে বিনামূল্যে। মুখ্যমন্ত্রী ঘোষিত নিরাময় আরোগ্য যোজনা সফল করার লক্ষ্যে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথির আসন অলঙ্কৃত করবেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গীত্যে ও অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। প্রবীণ নাগরিকদের এই শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস্-এর পক্ষ থেকে।

