ধর্মনগর ডেস্ক, ৭ অক্টোবর।।
প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্মনগর মহকুমার আনন্দবাজার নাকা পয়েন্ট থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।বুধবার দুপুর আনুমানিক ১টা নাগাদ ধর্মনগর থানার পুলিশ ও আনন্দবাজার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে TR 01 BC 1518 নম্বরের একটি গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৯২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা উদ্ধারের পাশাপাশি গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন জালাল উদ্দিন (২৭) এবং মোমিন মিয়া (২৬)। তাঁদের দুজনেরই বাড়ি আগরতলা বলে পুলিশ জানিয়েছে।

পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মীনা দেববর্মা।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে।

