ডেস্ক রিপোর্টার, ৭ অক্টোবর।।
চারিদিকে যখন পূজার আবেশ তখন কুমারঘাট শহরের হালাইমুরা প্রবেশ মুখের পূর্ব প্রান্তে পিডব্লিউডি বাংলোর সন্নিকটে ঘটে গেল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। নিজ ঘর থেকে পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গিরিন্দ্র কুমার দাসের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার সকালে ঘরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ঘরে ঢুকে মৃতদেহ দেখে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। একইসাথে দেখতে পায় সেই ঘরের আলমারি ভাঙা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯০বছর বয়সী গিরিন্দ্র কুমার দাস অত্যন্ত সুনামধন্য ব্যক্তি ছিলেন এবং ঘরে একাই থাকতেন। পরিবারের অন্যান্য সদস্যরা পাশের ঘরে থাকতেন। প্রাথমিক ধারণা, ঘর থেকে প্রায় ৫০-৬০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।ঘটনার খবর পেয়ে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক ডেভিড দেববর্মা, থানার ওসি সঞ্জয় দাস এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও সার্বিক তদন্তের ভিত্তিতে দ্রুত আসল সত্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি কাঞ্চনবাড়ির এক যুবকের ভাটি দুধপুরের পুকুরে এবং ফটিকরায় রাজনগরের এক যুবকের ভবতারানি মন্দির এলাকায় রহস্যজনক মৃত্যু হয়। একের পর এক এসব ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জোরালো দাবি জানিয়েছেন কুমারঘাট ও ফটিকরায় এলাকার সর্বস্তরের মানুষ।

