আগরতলা, ২৯ অক্টোবর।।
      সামাজিক মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশের পর রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক মানস পালকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয় জনৈক জয়তি চাকমা। তাতে উদ্বিগ্ন রাজ্যের বৃহত্তর সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অব জার্নালিস্ট’স (এওজে)। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছে এওজে।
        সংবাদ জগতে মানস পাল একটি পরিচিত নাম। বিশেষ ভাবে অপরাধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় মানস পালের ভূমিকা অনস্বীকার্য। তিনি রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও তাদের নেতাদের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে চলছেন দীর্ঘ তিন দশক ধরে।
সম্প্রতি হাফলং জমাতিয়া ( Haflong Jamatia) নামে এনএলএফটি- র এক জঙ্গির নেতৃত্বে সংঘটিত গণধর্ষণ কাণ্ডের ( ঘটনাটি রইস্যা বাড়ি গ্যাং-রেপ হিসাবেই পরিচিত) ইতিহাস সমাজ মাধ্যমে তুলে ধরেছিলেন মানস পাল। আর তাতেই কিছু লোক ক্ষিপ্ত হয়ে উঠে। তারা সমাজ মাধ্যমে  সাংবাদিক মানস পালকে হত্যার হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে অভিযুক্তদের নাম, ঠিকানা ও ফোন নম্বর রয়েছে। তাই পুলিশকে স্বত:প্রণোদিত মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এওজে কর্তৃপক্ষ দাবী জানাচ্ছে । একই সঙ্গে সাংবাদিক মানস পালের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানাচ্ছে।
এওজে এই বিষয়টিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ও রাজ্য পুলিশের ডিজিপি -র দ্রুত পদক্ষেপ দাবী করছে। প্রয়োজনে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর গোচরে নেওয়া হবে এবং সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামবে এওজে।
         এওজে  মনে করে,  মুক্তমনা সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে তাদের মত প্রকাশ করতেই পারেন। এটা যে কোন নাগরিকের মৌলিক  অধিকার। পরিণামে যদি কোনো নাগরিককে হত্যার হুমকির মুখে পড়তে হয়, এটা রাজ্যের জন্য মোটেও সুখকর নয়। এওজে নেতৃত্ব আশাবাদী, সাংবাদিক মানস পালকে হত্যার হুমকি দেওয়া লোকজনদের সনাক্ত করে গ্রেফতার করবে পুলিশ। এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করবে। এওজে- র পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের সদস্য অভিজিৎ ঘোষ ।

                                  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *