ডেস্ক রিপোর্টার, ৩ নভেম্বর।।
আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপির মেয়র পদ প্রার্থী কি দীপক ( অলীক) মজুমদার? নাকি আসছেন কোনো নতুন মুখ? এই কোটি টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে। মুখ্যমন্ত্রীর বাস ভবনে মঙ্গলবারের সকালে অনুষ্ঠিত বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। তবে এখনও কয়েক যোজন এগিয়ে দীপক মজুমদার- ই। কিন্তু এবার নিগমের ১৬ নম্বর ওয়ার্ড ( ৮- টাউন বড়দোয়ালি বিধানসভার অন্তর্ভুক্ত) থেকে টিকিট পাবেন না। এই ওয়ার্ড থেকে স্থানীয় এক যুবককে টিকিট দেওয়া হতে পারে। সে বড়দোয়ালি মন্ডলের অন্যতম সদস্য।। যদি দীপক মজুমদারকে নিগম ভোটে লড়াই করতে হয়, তাহলে তাকে রামনগর বিধানসভার অন্তর্ভুক্ত নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে দাঁড়াতে হবে। এই ওয়ার্ডের বর্তমান কর্পোরেটর অভিষেক দত্ত। বিজেপির অন্দরের খবর, রাজনৈতিক ভাবে অভিষেককে ঘরে ঢুকিয়ে দিয়ে দীপককে টিকিট দিতে পারে ভাজপা। এই ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে দীপকের জন্য গোদের উপর বিষ ফোড়ার মতো কাজ করতে পারেন বিদায়ী কর্পোরেটর তথা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের ভাইপো অভিষেক। এটাও মাথায় রাখতে হচ্ছে দীপক মজুমদারকে।

