ডেস্ক রিপোর্টার,৪ নভেম্বর।।
      আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের সিসি ক্যামেরার ব্যাটারি চুরি চক্রের পর্দাফাঁস করল পূর্ব আগরতলা থানার পুলিশ। গত ৭-৮ দিন ধরে শহরের বিভিন্ন এলাকা থেকে সিসি ক্যামেরার ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল। ইন্দ্রনগর স্থিত স্মার্ট সিটির এক আধিকারিকের দায়ের করা অভিযোগের  ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।যার কেইস নম্বর ১৬৮/২০২৬।এরপর
প্রাপ্ত খবরের ভিত্তিতে ও ইন্টেলিজেন্সের সহযোগিতায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাজার এলাকা থেকে ২ জন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ২টি চোরাই ব্যাটারি এবং চুরির কাজে ব্যবহৃত একটি অটো উদ্ধার করেছে পুলিশ। তদন্তে প্রকাশ, অটোটির সামনে ‘TR 01 E 2949’ এবং পেছনে ‘TR 07 2430’—দুই ধরনের ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে রাতের অন্ধকারে অপরাধ সংগঠিত করা হতো। সিসিটিভি ফুটেজেও তাদের চুরির দৃশ্য স্পষ্ট ধরা পড়েছে।
     পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, প্রাথমিক অনুমান অনুযায়ী শহর থেকে প্রায় ২০-২৫টি ব্যাটারি চুরি হয়েছে, যার সূচনা হয়েছিল পিএইচডি এলাকা থেকে।
তিনি আরও বলেন, ধৃতদের বিরুদ্ধে ওয়েস্ট এবং আমতলী থানায় একাধিক পুরনো অপরাধমূলক মামলা রয়েছে। বাকি ব্যাটারি উদ্ধার এবং চক্রের মূল শিকড়ে পৌঁছাতে ধৃতদের রিমান্ডে নিয়ে আরও কড়া জিজ্ঞাসাবাদ করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *