ডেস্ক রিপোর্টার, ৩ জুলাই।।
       কি চলছে আগরতলা শহরে? মানুষ যেন নিরাপত্তাহীন! রাজধানীতে গাড়ি কিনতে এসে ছিনতাই চক্রের খপ্পরে সাব্রুমের এক ব্যক্তি। নাম ধনঞ্জয় দেববর্মা। তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে যায় ছিনতাইবাজরা। ঘটনা শহরের লাল বাহাদুর চৌমুহনীতে। পুলিশ গ্রেফতার করেছে দুই ছিনতাইবাজকে। তাদের কাছ থেকে উদ্ধার করেছে এক লক্ষ ৩০ হাজার টাকা।
          সদর এসডিপিও দেব প্রসাদ রায় বলেছেন, ধনঞ্জয় দেববর্মা আগরতলায় এসেছিলেন গাড়ি ক্রয় করতে। সঙ্গে ছিলো দুই লক্ষ টাকা। টাকা নিয়ে ধনঞ্জয় গিয়েছিলেন লাল বাহাদুর চৌমুহনীস্থিত তার বন্ধু রাজেশ ত্রিপুরার ভাড়া বাড়িতে। ধনঞ্জয় তার বন্ধু রাজেশের ঘরে ঢুকার সঙ্গে সঙ্গেই তিন – চার জন দুষ্কৃতী তাকে হামলা করে। এবং তার কাছ থেকে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
       বৃহস্পতিবার সন্ধ্যা রাতের এই ঘটনার পর ধনঞ্জয় দেববর্মা বিষয়টি পূর্ব থানার পুলিশকে জানায়। পুলিশ তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করে।উদ্ধার করে ১ লক্ষ ৩০ হাজার টাকা।
        তদন্তকারী পুলিশের বক্তব্য, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদেরকে গ্রেফতারের জন্য জাল বিস্তার করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *