ডেস্ক রিপোর্টার, ২৭ এপ্রিল।।
সাবাস পুলিশ – গোয়েন্দা! সাবাস ! সোমবার দিন – দুপুরে বিশালগড় এসডিএম চৌমুহনীতে হাজির দাগী সমাজদ্রোহী রণবীর দেবনাথ। রণবীরকে নিয়ে তার অনুগামীরা এসডিএম চৌমুহনীতে সুর চড়িয়ে দেয় স্লোগান — ” রণবীর দা জিন্দাবাদ” । কিন্তু ভর গরমেও শীত ঘুমে আচ্ছন্ন বিশালগড় থানার পুলিশ। আর গোয়েন্দার অবস্থা একেবারেই কঙ্কালসার!

এসডিএম চৌমুহনীতে রণবীর ও তার অনুগামীদের ফটো সেশন ও স্লোগান পর্বের শেষ লগ্নে হন্তে – দন্তে
ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার ” বীরপুঙ্গব” পুলিশ। খাকি উর্দিধারীদের দেখে মুহুর্তেই পালিয়ে যায় রণবীর ও তার অনুগামীরা। পুলিশ নিয়ম মাফিক হম্বিতম্বি করে ছলে আসে। অথচ এই রণবীরকে গ্রেফতার করতেই নাকি গত মাসাধিকাল ধরে ঘাম ঝরাছে গোটা সিপাহীজলা জেলার পুলিশ। সবটাই হাস্যকর।একেবারে আগাম স্ক্রিপটেড চিত্রনাট্য।

শাসক দল বিজেপির কোন নেতাবাবুদের স্বার্থ রক্ষার্থে রনবীর দেবনাথের সঙ্গে “চোর – পুলিশে”র খেলা শুরু করেছে স্বরাষ্ট্র দপ্তরের তথাকথিত বাঘা বাঘা (!) পুলিশ আধিকারিকরা? প্রশ্ন উঠছে সর্ব স্তরের জনমনে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ‘জনতার মশাল ‘ বিশালগড় অপরাধ জগতের নগ্ন চিত্র তুলে ধরেছে।

